চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হলো। পাশাপাশি শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ২১৭ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে লাবিব (৭ মাস) ও জাহিদ (৫) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে লাবিব ২৫ আগস্ট এবং ১৯ আগস্ট জহিদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে লাবিব শনিবার (২৬ আগস্ট) দুপুরে এবং জাহিদ শুক্রবার (২৫ আগস্ট) চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়। আজকের প্রতিবেদনে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৮৭ এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৯১ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘চলতি আগস্ট মাসে দুই হাজার ৪৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়, এর মধ্যে মারা গেছে ২৭ জন। গত জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হয়, মারা যায় ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হয়। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছে তিন জন।’

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা তিন হাজার ৫৯১ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৬২৬ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৩৬৪, নারী এক হাজার ৪৭৯ এবং শিশু এক হাজার ৩৭৪ জন।

ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩, মহিলা ১৮ ও শিশু ২১ জন। জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সীতকুণ্ডে। এ উপজেলায় রবিবার পর্যন্ত ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন।