ঢাকার সাভারে ডিজে পার্টির অনুষ্ঠানে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে কয়েক দফার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আড়াপাড়া এলাকায় আকাশ মৃধা (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আকাশ মৃধা কুষ্টিয়ার কুমারখালীর আব্দুল হালিম মৃধার ছেলে। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় পরিবারের সঙ্গে থেকে বাসের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সোমবার রাতে আড়াপাড়া এলাকার স্থানীয় কয়েকজন যুবক পপি নামে এক নারীর বাসায় ডিজে পার্টির আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলের একটি মোবাইল চুরি হয়ে যায়। পরে মোবাইল চুরির অভিযোগ এনে অনুষ্ঠানে আসা নয়ন ও প্রান্ত নামের দুই যুবককে মারধর করে জাহাঙ্গীর। এ সময় এই ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে আসা নয়ন ও প্রান্তর বন্ধুরাও ক্ষিপ্ত হয়। পরে সেখানে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সবাই সটকে পড়ে।
এদিকে, এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে জাহাঙ্গীর গ্রুপ এবং মারধরের শিকার ওই দুই যুবকের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়। পরে বিকালের দিকে জাহাঙ্গীর ও তার শ্যালক প্রতিপক্ষ গ্রুপের এক যুবককে মারধর শুরু করলে আকাশ প্রতিবাধ করে। পরে জাহাঙ্গীরের লোকজন আকাশকে কুপিয়ে হত্যার পর সেখান থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপকচন্দ্র সাহা বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের পর প্রতিপক্ষ ওই যুবককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।’