বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) এবং চাটমোহরের পার্শ্বডাঙ্গার মহেলা এলাকার মজনু মাস্টারের ছেলে রুম্মান (২০)।

সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।

পাকশী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে তিন জন ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিকে থেকে রাব্বি পরিবহনের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।