চট্টগ্রামে ১৭০০ কেজি পলিথিন জব্দ, ৬০ হাজার  টাকা জরিমানা

চট্টগ্রামে এক হাজার ৭০০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) নগরীর চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার ওসমানিয়া গলির একটি গুদাম এবং রহমান অ্যান্ড ব্রাদার্স নামে অপর একটি গুদামে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, ‘চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় ওসমানিয়া গলির নামহীন একটি গুদাম এবং রহমান অ্যান্ড ব্রাদার্সের অপর একটি গুদামে অভিযান পরিচালনা করে ১.৭০ টন (১৭০০ কেজি) উৎপাদন  নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। উভয় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এ বিষয়ে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক  আব্দুল মালেক বলেন, ‘আমরা পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'