গাজীপুরে বিএনপির মশাল মিছিল, বাসে আগুন

রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে হরতালের সমর্থনে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। এ সময় তারা একটি বাসে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মহানগরের কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল বের করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, হরতালের সমর্থনে শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মশাল মিছিল বের করে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিছিলে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এ সময় মিছিল থেকে কয়েকজন দুর্বৃত্ত কোনাবাড়ী কলেজগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়।

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, ‘হরতাল সমর্থনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করেছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কে বা কারা কোনাবাড়ী কলেজগেট এলাকায় বাসে আগুন দিয়েছে।’

কোনাবাড়ী থানার ওসি জানান, হরতাল সমর্থনকারীরা একটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসটির ৫০ শতাংশ পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।