সিরাজগঞ্জের ১১টি থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম।
শনিবার (২৮ অক্টোবর) বিকাল থেকে রবিবার (২৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার সদর, বেলকুচি, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদধারী বেশ কয়েকজন নেতাও রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত থেকে ভোর পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন বিএনপি এবং ৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন দুলাল রয়েছেন।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপির ১২ এবং জামায়াতের এক নেতাকর্মীকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
তাড়াশ থানার ওসি শহীদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি জামায়াত ও বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি পঞ্চানন্দ বিশ্বাস জানান, বিএনপি জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, শাহজাদপুরে ৫ বিএনপি এবং ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে ৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান, ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
চৌহালী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ২৪ ঘণ্টায় ২ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম ও সদস্য হামিদ মোল্লা।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, ‘গ্রেফতার নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।’