সোমবার ভোরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে শহর সংলগ্ন বাধঘাট এলাকায় একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, গুলির খোসা, ম্যাগজিন ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত মাওলা পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত নূর হোসেন মৃধার ছেলে।
র্যাব-৮ পটুয়াখালীর কমান্ডার এএসপি ফজলুর রহমান জানান, রাত অনুমান সাড়ে ৪টার দিকে র্যাবের কাছে খবর আসে শহর সংলগ্ন বাধঘাট এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে একটি বাগানে ১০/১২ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হচ্ছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। পরে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মাওলার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, দেশে তৈরি ১টি বন্দুক, ২টি ম্যাগজিন, বিপুল পরিমান গোলাবারুদ ও ৬শ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
পুলিশ জানায়, নিহত গোলাম মাওলা মৃধার নামে সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
/এজে/