মহাসড়কে অগ্নিসংযোগ করেই উধাও জামায়াত কর্মীরা

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকালে ওই মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ৩০ মিনিট অবস্থানের পরই পুলিশ আসার আগেই তারা উধাও হয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, বহিরাগতদের একটি দল সকালে এ এলাকায় এসে সড়ক অবরোধ করে। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সড়কে বাধা সৃষ্টি এবং টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। দুই দিক থেকে আসা যানবাহনগুলো তারা ফিরিয়ে দেয়। পরে পুলিশ আসার আগেই পালিয়ে যায়। পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি ও টায়ার সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘তারা ঘাপটি মেরে ছিল। আমাদের নিয়মিত টহলের কারণে এতদিন ওইসব এলাকায় কেউ অগ্নিসংযোগ করতে পারেনি। আজ সকালে চাঁদপুর ও কুমিল্লা জেলার সীমান্ত সড়কে অগ্নিসংযোগ করেই তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এসব এলাকায় আমাদের টহল আরও বাড়িয়েছি।’