আওয়ামী লীগের অনুষ্ঠানে ওসির হাততালি ও স্লোগান

মাদারীপুরের কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দলীয় অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে হাততালি ও স্লোগান দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি পৌরসভা কার্যালয়ের সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মতবিনিময় সভায় এ দৃশ্য দেখা যায়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সুধীমহল।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবাহান মিয়া গোলাপ স্লোগান দিলে তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা কণ্ঠ মেলান। সে সময় অনুষ্ঠানের মঞ্চের প্রথম সারিতে থাকা কালকিনি থানার ওসি নাজমুল হাসান হাততালি ও স্লোগান দিতে দেখা যায়।

প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কোনও দলীয় কর্মসূচিতে মঞ্চে উঠে স্লোগান ও হাততালি দেওয়া যায় কিনা, এমন প্রশ্নে ওসি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে থাকা কোনও অন্যায় না। সংসদ সদস্যের কর্মসূচিতে তার নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেতে হয়।’ মঞ্চে ওঠা ও স্লোগান দেওয়া প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিষেধ কিনা তিনি জানেন না বলে জানান। তিনি সাংবাদিককে আইন দেখে নিতে বলেন।

সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান মিয়া গোলাপ ছাড়াও উপস্থিত ছিলেন– কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাসার, কালকিনি থানার ওসি নাজমুল হাসান,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘অবরোধ আর গাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না, কারণ আওয়ামী লীগ একটি শক্তিশালী দল। সব নেতাকর্মী এক হয়ে কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ইয়াকুব খান শিশির বলেন, ‘প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা-কর্মচারীর এমন আচরণ কাম্য নয়। তার নিরপেক্ষ থাকাটা জরুরি বলে মনে করি। বিষয়টি আমলে নেওয়া দরকার।’

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ভিডিও পেলে, দেখে বলতে পারবো আসলে বিষয়টি কী ঘটেছিল। ঘটনা সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’