জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর বিএনপি। বুধবার সন্ধ্যার পর নগরীর সরকারি মহিলা কলেজ থেকে মিছিলটি রাণীর দিঘি পর্যন্ত আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে পুরনো ব্যানার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ বলেন, ‘একটি মিছিল এসে রাণীর দিঘির পাড়ে ব্যানার জ্বালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।’
এদিকে, সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার পর পর ৭ তারিখ নির্বাচন অনুষ্ঠানের সমর্থনে আনন্দ মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে একটি মিছিল কুমিল্লা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের করে। কুমিল্লার অন্যান্য উপজেলাতেও একাধিক মিছিলের খবর পাওয়া গেছে। তবে রাত ৮টা পর্যন্ত সহিংসতার কোনও খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লায় নয় প্লাটুন বিজিবি, র্যাবের ছয়টি টহল টিম এবং ৪২৭ জন পুলিশ সদস্য কাজ করছেন। পাশাপাশি ৪৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’