আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসনের ওয়েব সাইটে প্রকাশিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এ জন্য জেলায় ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো।’
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর থেকে জেলায় বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত লাইসেন্স নবায়ন কার্যক্রম চলার পর বিরতি দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহনের নিষিদ্ধ সময় শেষে আবারও ৪ ফেব্রুয়ারি নবায়ন কার্যক্রম শুরু হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এ নবায়ন কার্যক্রম চলবে।