জোট থেকে মনোনয়ন না পাওয়া দিলীপ বড়ুয়ার প্রার্থিতা প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রবিবার (১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তার প্রতিনিধি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

দিলীপ বড়ুয়া বলেন, ‘মীরসরাই আসনে আমি জোট থেকে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রত্যাহার করেছি। আমার প্রতিনিধি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। দু-একদিনের মধ্যে এলাকায় আসবো এবং নৌকার পক্ষে ভোট চাইবো।’

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

মীরসরাই আসনের প্রার্থীরা হলেন– আওয়ামী লীগ মনোনীত মাহবুব উর রহমান রুহেল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ ইউসুফ, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সুপ্রিম পার্টির মোহাম্মদ নুরুল করিম আফছার এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মন্নান।