ঢাকা-আরিচা মহাসড়কে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ঢাকার সাভারে মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেটকার ও বিভিন্ন গাড়িসহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রচারণা চালিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। এতে ঢাকা-আরিচা মহাসড়কে সাত কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মঙ্গলবার সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে মহাসড়কের ঢাকাগামী লেন দখল করে মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে তার সমর্থকদের। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রচারণা শুরুর দিনে ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের নির্বাচনি প্রচারণা এবং শিমুলতলা এলাকায় নির্বাচনি ক্যাম্প উদ্বোধনের সময় এই ঘটনা ঘটে।

ঢাকা জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সড়কে যানজট সৃষ্টি করে প্রচারণার খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠানো হয়েছে। সড়ক থেকে তাদের সরিয়ে দিয়ে স্বাভাবিক করা হয়েছে। তবে মোটরসাইকেল শো-ডাউন আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

জানা গেছে, এই আসনে ইতোপূর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তালুকদার তৌহিদ জং মুরাদ। তবে রানা প্লাজার ভবন ধসের পর দলীয় মনোনয়ন না পাওয়ায় দীর্ঘ দশ বছর তিনি রাজনীতির বাইরে ছিলেন। এর পর গত দশ বছরে তাকে সাভারের রাজনীতিতে বা কোনও সভা-সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এবারে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই উপলক্ষে তিনি সাভারের শিমুলতলা এলাকায় নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করতে আসেন। সকাল ১০টার দিকে থেকে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন নিয়ে মুরাদের মিরপুরের বাড়িতে জড়ো হন নেতাকর্মীরা। এ ছাড়াও অনেক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিমুলতলা এলাকায় জড়ো হতে থাকেন। পরে মিরপুর থেকে বহর আর মোটর শোডাউন দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সাভারে আসেন তিনি। এতে বিপিএটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু করে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ইতিহাস পরিবহনের যাত্রী মাহবুবুল করিম বলেন, ‘জরুরি কাজে সকালে ঢাকার উদ্দেশে বাইপাইল থেকে বাসে উঠি। কিন্তু নবীনগর এসে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কের পাশেই ৭-৮টি পিকআপ বোঝাই লোক দেখে মনে হচ্ছিল কোথাও সমাবেশ হচ্ছে। বিপিএটিসি এসেই যানজট শুরু হয়। বিপিটিসি থেকে সাভার পার হতেই প্রায় এক ঘণ্টা লেগেছে। গাড়ির যাতায়াতের ব্যবস্থা রেখে তাদের কর্মকাণ্ড পরিচালনা করলে সাধারণ যাত্রীদের জন্য ভালো হয়।’

এ ব্যাপারে সাভার ট্রাফিক পুলিশের অ্যাডমিন (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, ‘এক প্রার্থীর প্রচারণা থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় চার কিলোমিটারের মতো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’