গাজীপুরের শ্রীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে গ্যাসে সংজ্ঞা হারিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার সরুজ মিয়া এ তথ্য জানান।
মৃত দুজন হলেন– ঠাকুরগাঁওয়ের রুইয়া থানার মধ্য জায়গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাসুম (২৪) এবং নেত্রকোনা সদর উপজেলার দিকজান গ্রামের সোনা মিয়ার ছেলে মোখলেস (২৮)।
স্থানীয়রা জানান, বিকাল ৩টায় শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের প্রবাসী আবু সাঈদের বাড়িতে দুই শ্রমিককে টয়লেট পরিষ্কারের কাজ করছিলেন। বিকাল ৫টার দিকেও তারা সেপটিক ট্যাংক তারা উঠে না আসায় খোঁজ নেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দুজনকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় তিন মাস আগে নির্মিত সেপটিক ট্যাংক থেকে সেন্টারিং খুলতে গেলে বিষাক্ত গ্যাসে তারা মারা যায়। বাড়ির মালিক আবু সাঈদ উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়াড়ন গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহবুব হোসেনের নেতৃত্বে পাঁচ জনের একটি দল দুই শ্রমিকের লাশ উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ উদ্ধার কাজে সহযোগিতা করছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক মারা গেছেন। তাদের লাশ ওঠানোর চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।