নড়াইলে মাশরাফির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহা পাঠ এবং বিকালে নড়াইলে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেন।

নড়াইলের লোহাগড়ায় আলামুন্সীর মোড়ে, লোহাগড়া চৌরাস্তায় (কুন্দশীর মোড়), লক্ষীপাশা, এড়েন্দা বাসস্ট্যান্ডে পথসভায় অংশ নেন মাশরাফি। এ সময় তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। লোহাগড়াকে আমি নিজের বাড়ি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী মনোনীত করেছেন। আগামীতে এমপি নির্বাচিত হলে লোহাগড়াকে সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলবো। বিগত ৫ বছর কাজ করেছি। অনেক প্রতিকূলতা গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কঠিন সময়গুলো দারুণভাবে সাচ্ছন্দ্যে পার করতে পেরেছি। এবার কাজের প্রক্রিয়া ও ধরন আরও বাড়বে।’

তিনি লোহাগড়া থেকে নড়াইল আসার সময় রাস্তায় দুধারে দাঁড়ানো শত শত নারী-পুরুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সন্ধ্যায় তিনি নড়াইল পুরাতন বাস টার্মিনালে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মাশরাফির পথসভায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল হান্নান রুনু, ভাইস-চেয়ারম্যান বিএম কামাল হোসেন, ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম আশরাফ, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।