কারাগারে পাঠানো হলো হাতকড়াসহ গ্রেফতার যুবককে

চট্টগ্রামে হাতকড়া পরা অবস্থায় গ্রেফতার যুবককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গ্রেফতার যুবকের নাম মনির (২৬)। তিনি বাগেরহাট জেলার সদর থানার বাসিন্দা।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতকড়াসহ গ্রেফতার মনিরকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে মনিরকে ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘সোমবার রাতে হালিশহর থানাধীন সিএসডি গোডাউন এলাকা থেকে হাতকড়া পরা অবস্থায় মনিরকে আটক করেন ওই এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। মনিরের হাতে হাতকড়া কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। রহস্য উদ্ঘাটনে তার বিরুদ্ধে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি-পশ্চিম) মোহাম্মদ জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার মনিরের হাতে যে হাতকড়া সেটি পুলিশের নয়। পুলিশের হাতকড়াতে পুলিশের লোগো থাকে। এটিতে নেই। মনির একেক সময় একেক ধরনের কথা বলছেন। তার বাড়ি বাগেরহাট সদর থানায়। ওই থানায় তার বিরুদ্ধে দুটি চুরির মামলা আছে। তবে মামলা দুটিতে জামিনে আছেন। আমরা চেষ্টা করছি কোথা থেকে তার হাতে হাতকড়া পরানো হয়েছে তা উদ্ঘাটনে।’       

সোমবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন সিএসডি গোডাউনের সামনে থেকে হাতকড়া পরা অবস্থায় মনিরকে আটক করেন ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সুখেন দেব।