কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে পরপর এসব ঘটনা ঘটেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার সময় নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছু সময় পর নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ এবং তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়াও চেম্বার অব কমার্সের সামনে, ফৌজদারি মোড়, সালাউদ্দিন মোড়, টাওয়ার হাসপাতালের সামনে ও রামঘাটলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকার বাসিন্দারা এসব তথ্য জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছে বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা।

টমছম ব্রিজ এলাকার সজিব নামের এক বাসিন্দা জানান, রাত সাড়ে ৮টার পর একটি মোটরসাইকেলে এসে চারটি ককটেল ফাটিয়ে চলে যায় দুই মোটরসাইকেল আরোহী। এ সময় মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘আমরা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছি। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িতরা কাজ করছেন। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।’