খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল ৮টায় ভোট শুরুর পর কোথাও বিচ্ছৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শহর জুড়ে টহল দিচ্ছে বিজিবি।
খুলনা-২ আসনের শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খান মো. জিন্নাত আলী বলেন, ‘প্রথম দুই ঘণ্টায় এই কেন্দ্রে ১৭৫ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ২২২২ জন।’
ওই বিদ্যালয়ের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শামীম হাসান বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে ১৮০ ভোট পড়েছে। মোট ভোটার ২২৫৮ জন।’
গোবরচাকা ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রবীর দত্ত বলেন, ‘সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।’
ন্যাশনাল গার্লস হাইস্কুল পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হরিদাস কুমার গাতিদার বলেন, ‘এখানে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। স্বাভাবিক গতিতেই ভোট চলছে। কুয়াশা কাটলে ভিড় বাড়তে পারে।’
ওজোপাডিকো হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলিম বাহার বুলবুল জানান, সকাল ১০টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় ১৬৫ জন ভোট দিয়েছেন। এ কেন্দ্রে মোট ভোটার ২২৮২ জন।
পল্লীমঙ্গল উচ্চ বালিকা স্কুল পুরাতন ভবন কেন্দ্রে পৌনে ১০টায় ভোট দিয়ে রোকেয়া বেগম (৮০) বলেন, ‘কোনও গ্যাঞ্জাম নেই ভোট দিয়ে ভালই লাগলো।’ প্রিসাইডিং অফিসার মো. রাশেদুল বশির খান বলেন, ‘১৬৮৬ জন নারী ভোটার রয়েছেন। সকাল ৯টায় প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ৩৪টি।’