বিএসআরএম কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বিএসআরএম স্টিল কারখানায় কাজ করার সময় ওপর থেকে পড়ে গাড়িচাপায় সুজন চন্দ্র নাথ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ওই রড নির্মাতা প্রতিষ্ঠানের কারখানায় এ ঘটনা ঘটেছে।

নিহত সুজন উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সুভাষচন্দ্র নাথের ছেলে।

সুজনের প্রতিবেশী এবং একই প্রতিষ্ঠানের কর্মী অহিদুর রহমান জানান, সুজন প্রতিদিনের মতো রবিবার সকালে বিএসআরএম কারখানায় উপরে কাজ করছিলেন। হঠাৎ অসাবধানবসত নিচে পড়ে গেলে কারখানার মালামাল বহনে নিয়োজিত চলন্ত একটি গাড়ি তাকে চাপা দেয়। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএসআরএম গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, রবিবার দুপুরে কাজ করার সময় হাইটেক ইঞ্জিনিয়ারিং ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত সুজন চন্দ্র নামে এক শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পুলিশ যাওয়ার আগে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। এ বিষয়ে থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।