দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, ট্রাক ও চালক আটক


চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ নিহতচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ থানা পুলিশের দুই কর্মকর্তাকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালককে ট্রাকসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জের কাশিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ চালক সিরাজ আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক চোরাচালান মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত ওই দুই পুলিশ কমকর্তা দিনাজপুর জেলার ফুলবাড়ি রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম ও জয়পুরহাট জেলার ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিক্ষানবীশ সার্জেন্ট আতাউল ইসলাম।
গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রহমান জানান, সিরাজ আলী ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা। আটকের পর ট্রাক থেকে ১৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তিনি ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। চালক সিরাজ আলী ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান হামিদুর।
আটক ট্রাকচালকশিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কানসাট গোপালনগর মোড়ে ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। এসময় সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যায়। পরে ওই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া করেন। এসময় পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ট্রাকটিকে ওভারটেক করে থামানোর চেষ্টা করলে ট্রাক চালক নির্দেশ না মেনে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, লাশের ময়নাতদন্ত শেষে পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, লাশের ময়না তদন্ত শেষ হয়েছে। বাদজোহর পুলিশ লাইন মাঠে জানাজা শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।
/জেবি/এফএস/