কালোবাজারে পাচারকালে সরকারি চাল উদ্ধার

বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভান্ডারবাড়ী গ্রামের যমুনা নদীর তীর থেকে এই চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেউ আটক হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তার গায়ে লেখা রয়েছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। খাদ্য অধিদফতরের লোগো সম্বলিত বস্তায় অনন্যা এন্টারপ্রাইজ, কেএম জুট ফাইবার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফের সুবিধাভোগীদের মাঝে বিতরণের কথা ছিল।

ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, সরকারি চালগুলো নদীপথে ধুনটের ভান্ডারবাড়ী যমুনা নদীর পাড়ে নিয়ে আসা হয়। সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সেখানে পৌঁছানোর আগেই পাচারকারীরা নৌকায় করে পালিয়ে যায়। চালগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৩০ কেজি ওজনের মোট ৪০ বস্তা চাল ছিল।

তবে স্থানীয়রা জানিয়েছেন, চালগুলো পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার একটি ইউনিয়ন থেকে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে বিক্রির জন্য আনা হয়েছিল।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।