প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জয়পুরহাটে তিন জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক তিন জন হলেন– জেলার পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের মাহমুদুল হাসান, একই উপজেলার তাজপুর গ্রামের মোস্তাকিম হোসাইন এবং আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকার সানজিদা বেগম।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দিতে আসা তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সংশিষ্টরা জানান, এ জেলার ১২টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসবের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় এবং জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা এই তিনটি কেন্দ্র থেকে তিন জনকে আটক করা হয়েছে। তারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারসহ অসুদপায় অবলম্বন করে পরীক্ষা দিতে এসেছিল।

সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক নারীসহ তিন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এর আগে ৩১ জানুয়ারি অধ্যক্ষসহ প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে ইলেকট্রনিক ডিভাইসসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।