সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া নতুনপাড়ায় সাংবাদিকের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গাফফার শেখকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিকের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।
গ্রেফতার গাফফার সয়াধানগড়া মহল্লার ভেজাল সাবান মোড় এলাকার বুদ্ধ শেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিবুল্লাহ জানান, হামলার ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী গাফফার শেখকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল হামিদের দুই ভাগনে মো. রানা আহমেদ (২৫) ও ঐশ্বর্য শেখের (২১) কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী গ্রুপ রামদা, ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি দেশি অস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। তারা আতঙ্ক সৃষ্টি করে বাসায় ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে আসলে তাদেরও মারপিট এবং অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। এ ঘটনায় রাতে সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের কারণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।