সিলেট সার্কিট হাউসে আগুন: বিচার বিভাগীয় তদন্ত শুরু

সর্বোচ্চ আদালতের নির্দেশে সিলেট সার্কিট হাউসের ভিভিআইপি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।  শুক্রবার সকাল থেকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুজ্জামান হিরো বিষয়টি তদন্ত করছেন। প্রশাসনের পক্ষ থেকেও ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) সৈয়দ মো: আমিনুর রহমান একথা জানিয়েছেন।

তিনি বলেন, সার্কিট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ মো. আমিনুল ইসলাম সিলেটের জেলা প্রশাসককে নির্দেশনা দেন। এরপর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত কার্যক্রম এক সপ্তাহ চলবে।

দমকল বাহিনী জানায়, বুধবার সকাল পৌনে ১১টার দিকে সার্কিট হাউসের ভিভিআইপি ২০১ নম্বর কক্ষে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ কারণে পুরো রুমটি আগুনে পুড়ে যায়। এসময় একই ফ্লোরের অন্য একটি কক্ষে অবস্থান করছিলেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি ও তার এক সহযোগী। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে যে কক্ষটি ক্ষতিগ্রস্ত হয়েছে-ওই কক্ষে ওই দিন প্রধান বিচারপতি এসকে সিনহার অবস্থানের কথা ছিল বলে সিলেট জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

সিলেটে ডিজিটালাইজড উইটনেস ডিপোজিশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ওই দিন সিলেটে প্রধান বিচারপতি ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও সিলেটে আসেন। এদিন সব ভিভিআইপি’র সার্কিট হাউসে অবস্থানের কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডে একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা সার্কিট হাউসে যাননি।

 

/এসটি/