গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুই হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) ভোর ৪টায় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওয়ান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম (১৮) এবং কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দাইয়েরপাড় গ্রামের আব্দুল সাত্তারের ছেলে আবুল কাসেম (২১)।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন জানান, ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে টাঙ্গাইলগামী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরে টাঙ্গাইলগামী মুরগিবোঝাই একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকসহ তিন জন ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক চালকের দুই সহকারীকে মৃত ঘোষণা করেন। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চালকের নাম জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।