গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় রেলওয়ে সেতু থেকে ছিটকে পড়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলওয়ে স্টেশনের নিকটবর্তী রেলসেতু পারাপারের সময় এ ঘটনা ঘটে। ওই সেতুটি রেলপথে ময়মনসিংহ ও গাজীপুর জেলাকে যুক্ত করেছে।
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতদের একজন গফরগাঁওয়ের পাগলা থানার মাখল গ্রামের জিরাদিয়ার ছেলে মনির হোসেন (৭০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেলসেতুর ওপর দিয়ে হেঁটে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে যাচ্ছিলেন ওই দুজন। ট্র্রেন আসতে দেখে স্থানীয় লোকজন ডাক-চিৎকার দিলেও তারা তাড়াহুড়ো করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করেন। সেতুর প্রায় শেষ প্রান্তে পৌঁছে যান তারা। সে সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুতগতির মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেতুর ওপর ওঠে। চলন্ত ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে ছিটকে নিচে পড়ে যান। ট্রেনের ধাক্কায় একজন মাথায় এবং অপরজন শরীরে আঘাত পেয়ে রক্তক্ষরণে মারা যান।
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন মারা গেছেন। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।’