যাত্রীবাহী বাস উল্টে পড়লো খাদে

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ীর কল্যাণপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা এক যাত্রী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। ফরিদপুর থেকে রেকার এনে বাসটিকে টেনে উপরে তোলা হচ্ছে।