পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবন্দর আলীপুরে একটি আবাসিক হোটেল থেকে শফিকুর রহমান (৭০) নামে সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
মৃত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি বান্দরবান এলাকায় বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শফিকুর রহমান গত বছরের ডিসেম্বর থেকে ‘ভাই ভাই' নামে ওই আবাসিক হোটেলের ১১নং রুমে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন। গত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাশতা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনও সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। এ সময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। কক্ষের মধ্যে টিভি চলছিল।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার বলেন, ‘আমরা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। তাদের কাজ শেষ হলে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’