কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর (৪৬) ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টার দিকে জেলার মিরপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বুধবার (১৯ জুন) বিকালে কুষ্টিয়া শহরসংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

প্রেসক্লাবের সভাপতি বাবলুর রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন– মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জোয়ারদার, সহ-সভাপতি মো. জমির উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মণ্ডল। এ সময় আরও বক্তব্য দেন– সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন– মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাবেক সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, প্রেসক্লাবের প্রচার ও দফতর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আশরাফুল আলম হীরা।

প্রসঙ্গত, বুধবার (১৯ জুন) বিকালে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। কুষ্টিয়া শহরসংলগ্ন হাটশ হরিপুর ইউনিয়নের হাটশ হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। রিজু স্থানীয় হাটশ হরিপুর গ্রামের আমজাদ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক। হামলায় রিজুর দুই হাত, দুই পা ও মাথা গুরুতর জখম হয়।