ভারতে পাচারের সময় কোটি টাকার সোনার বারসহ একজন আটক

ভারতে পাচারকালে এক কেজি ৬১ গ্রাম সোনার বারসহ মাসুদ রানা (২৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারি ওই এলাকার শহীদুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন খবর পায় বিজিবি। হাবিলদার শহীদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা কৃষি ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে আটক করেন। তার দেহ তল্লাশি করে একটি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা সোনার বারের ওজন এক কেজি ৬১ গ্রাম। বাজার মূল্য এক কোটি ছয় লাখ ৭৩ হাজার ১০০ টাকা। এ ঘটনায় আটক মাসুদ রানার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। জব্দ সোনার বার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।