মেঘনায় ড্রেজার ডুবি: দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

ভোলার মেঘনা নদীতে শনিবার (৬ জুলাই) রাতে পাঁচ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ড্রেজার আফসানা-১-এর কেবিন থেকে মো. আরিফুর ইসলাম ও নুরে আলম নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সন্ধান মিলছে না তিন শ্রমিকের।

মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত ৩টার দিকে মালিকপক্ষের ভাড়া করা ডুবুরি দল ওই দুজনের মরদেহ উদ্ধার করে।

ইলিশা নৌ থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ জুলাই) বিকালে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পাওয়া যায়।

মৃত নুরে আলম ডুবে যাওয়া ড্রেজারটির মালিক ছিলেন। ডুবুরি দল ড্রেজারটির কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধারে বেসরকারি ডুবুরি দল কাজ করে যাচ্ছে।

ভোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. লিটন জানান, সোমবার বিকালে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারটির অবস্থান শনাক্ত করা হয়। আজ সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগেই মালিকপক্ষের ভাড়াটে ডুবুরি টিম ভোররাতে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এখন ভাড়াটে ডুবুরি দল ও সরকারি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বাকি তিন জনের মরদেহ খোঁজা হচ্ছে।