শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নে খালের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কামারের চর ইউনিয়নের সাহাব্দীর চর বাঁধের নিচে ব্রহ্মপুত্রের খালে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলো– সুমন মিয়া (১৩) ও সুজন মিয়া (১৩)। স্থানীয় ডুবারচর দক্ষিণ বাইনপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে সুমন এবং আমজাদ হোসেনের ছেলে সুজন। তারা কামারের চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কামারের চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, আজ স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শেষে সুমন ও সুজনসহ বন্ধুরা মিলে ফুটবল নিয়ে সাহাব্দীর চর বাঁধের নিচে ব্রহ্মপুত্রের খালে বেলা আনুমানিক দেড়টার দিকে বন্যার পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে ফুটবল খালের পানিতে ভেসে গেলে প্রথমে সুমন আনতে যায়। কিন্তু পানির স্রোতে সে তলিয়ে গেলে বাঁচাতে সাঁতরে এগিয়ে স্রোতের তীব্রতায় সুজনও তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বিকাল আনুমানিক ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন। ডুবে যাওয়া স্থান থেকে ১৫-২০ ফুট দূরে পানির নিচ থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘খালের পানিতে ডুবে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে, একই বাড়ির দুই সহপাঠী বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।