চুয়াডাঙ্গায় উপদলীয় কোন্দলের জের ধরে ভুলু (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এসময় আকাশ (২২) নামে আরেক কর্মীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। প্রতিপক্ষের দুর্বৃত্তরা অনিক গ্রুপের কর্মী বলে দাবি করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু।
শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোড এলাকায় এ হামলা ঘটনা ঘটে। নিহত ভুলু শহরের জ্বিনতলা মল্লিকপাড়ার খবির উদ্দীনের ছেলে।
নিহত ভুলু স্থানীয় ছাত্রলীগের কর্মী ও চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান জিপু’র একনিষ্ঠ সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলু ও আকাশ নামে দুই যুবক শনিবার বড় বাজার এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় ৫/৬ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তারা ভুলুর ঘাড়ে ও আকাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অস্ত্রপচারের সময় অপরাশেন থিয়েটারে ভুলুর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিবুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভুলুর মৃত্যু হয়েছে। আহত আকাশের অবস্থাও সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা অপরাধীদের চিহ্নিত করতে পেরেছি। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
এদিকে এ ঘটনা নিয়ে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ফেরিঘাট রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ দুইটি গ্রুপে বিভক্ত। এর একটিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক জোয়ার্দ্দার, অন্যটির নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক যুবলীগ আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান জিপু। নিহত ভুলু জিপু গ্রুপের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানা গেছে।
আর অভিযুক্ত অনীক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন অনীক হাসান জোয়ার্দার। তিনি সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সোলায়মান হোসেন জোয়ার্দার সেলুনের ভাতিজা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পৌরমেয়র জিপু দাবি করেছেন, নিহত ভুলু ও আহত আকাশ তার একনিষ্ঠ সমর্থক।দলীয় কোন্দলের জের ধরে অনীক গ্রুপের কর্মীরা ভুলুকে হত্যা ও আকাশের ওপরে মারাত্মক হামলা চালিয়েছে।
/টিএন/