ভারত সীমান্তে ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ

খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে ২৫ ঘণ্টার ব্যবধানে দুই কিশোর নিখোঁজ হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টায় নামার চর এলাকায় জাল দিয়ে মাছধরতে গিয়ে বাদশা (১৬) নামে এক কিশোর নদীতে ডুবে যায়। এর আগে বুধবার বিকাল ৩টায় বল্টুরামটিলা এলাকায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যান নয়ন (১৩) নামে এক কিশোর। প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে নয়নকে উদ্ধারে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল ঘণ্টাখানেক চেষ্টার পর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে।

স্মরণকালের ভয়াবহ বন্যার পর গত তিন-চার দিন ধরে রাত-দিন শত শত মানুষ রামগড়ের ফেনীরকুল এলাকার নামার চর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরছেন।

প্রত্যক্ষদর্শী আরিফ, জসিম, লাব্রেঅং জানান, ডুবে নিখোঁজ বাদশার বাড়ি রামগড়ের নাকাপা এলাকায়। সে নাকাপার আব্দুল জাব্বারের পুত্র। অন্যদিকে, নয়ন বল্টুরাম এলাকার মো. শফির একমাত্র সন্তান বলে জানা গেছে।

তীব্র স্রোত এবং নিরাপত্তাজনিতকারণে উদ্ধার অভিযান স্থগিত করার কথা জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রবাদের ডুবুরি দলের সাব অফিসার জসিম উদ্দিন। তবে আজ শুক্রবার আবার উদ্ধার অভিযানে নামবে উদ্ধারকারী দল।