গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকরা ১৩ দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (৩১ আগস্ট) উপজেলার নয়নপুর এলাকার জেনফার ফার্মাসিউটিক্যালস নামে ওই কারখানার শ্রমিকরা সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী আন্দেলনকারী শ্রমিক শাকিল, মেহেদুল, এনায়েত এবং নূরুজ্জামান জানান, কারখানাটি সরকার ঘোষিত শ্রম আইন মেনে চলে না। মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আজিজুল্লাহ আবেদ দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, নিম্নমানের খাবার সরবরাহ এবং বেতন বৈষম্য করে আসছেন। শ্রমিকরা এসব নিয়ে অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানালেও তারা শুধু আশ্বাস দিয়ে আসছে। প্রায় এক বছর ধরে এসব নিয়ে দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। উল্টো মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করছে।’
আন্দোলনরত শ্রমিকরা আরও জানান, তারা সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (৫ ঘণ্টা) ১৩ দফা দাবিতে কারখানার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। পরে কারখানার কোয়ালিটি বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) দুলাল তাদের দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে– এই আশ্বাস দিয়ে দুপুর ১২টায় ভেতরে নিয়ে যায়। পরে দুই ঘণ্টা বসিয়ে রেখে দাবি মেনে নেওয়ার বিষয়ে আর কোনও কথা বলেননি। পরে দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নিয়ে তারা ১৩ দফা দাবিতে বিক্ষোভ করেন। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা বললে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
অভিযোগের বিষয়ে কারখানার জিএম দুলাল বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছি। মালিকপক্ষের প্রতিনিধি আসলে আলোচনা করে তাদের দাবির বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।’
গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ আব্দুল লতিফ জানান, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কারখানা কর্তৃপক্ষকে তাদের দাবির বিষয়ে দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করা হয়েছে।