‘যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’

অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু সময় নেওয়ার পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বুধবার (১১ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে নানকরা হযরত আয়েশা সিদ্দিকা রা. মহিলা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমির অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আরও বলেন, ‘যে জাতি ইতিহাস ভুলে যায়, তারা বেশিদূর যেতে পারে না। আপনারা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন; যেন জনগণ তাদের অধিকার ফিরে পায়।’

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুস সাত্তার, জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানসহ অনেকে। আলোচনা শেষে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মসজিদের ভিত্তির প্রস্তর স্থাপন করেন জামায়াত আমির।