বিএনপি প্রার্থীর ভাগ্নে হত্যা

আওয়ামী লীগ প্রার্থীসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর ভাগ্নে নিহতের ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী কাইউম-উজ্জামানসহ ৪৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতেই নাজিরপুর থানায় নিহতের ভাই মঞ্জুরুল হক মামলাটি করেন বলে শনিবার রাতে জানা যায়।

আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের হামলায় নিহত শামসুল হক (ছোট্ট) থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

শেখ মাটিয়া ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (৮ মার্চ) বিকালে আমি আমার খালাতো ভাই শেখ মাটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক জাহাঙ্গীর হোসেন ও মেঝ বোনের ছেলে নাজিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক ছোট্টসহ কয়েক জনকে নিয়ে ইউনিয়নের রঘুনাথপুর চরে গণসংযোগে যাই। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আমার ভাগ্নে শামসুল হক ছোট্ট ও জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১টার দিকে শামসুল হক ছোট্ট মারা যায়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/জেবি/টিএন/