বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, ‘গত জুলাই-আগস্ট পরবর্তী বাংলাদেশে ছাত্রদল নতুন ধারার রাজনীতির সূচনা করবে। ক্যাম্পাস দখল, গেস্ট রুম কালচারের রাজনীতি করবে না ছাত্রদল।’
শুক্রবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে চট্টগ্রামে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তারা এ কথা বলেন তারা।
নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার পেকুয়ায় আসেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রাম কলেজের ছাত্রদলের নেতা ওয়াসিমের বাবা শফিউল আলম, মা জোছনা বেগম এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘এক ওয়াসিম শহীদ হলেও বাংলাদেশ ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী ওয়াসিমের পরিবারের পাশে আছে এবং থাকবে।’
পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন।