ঢাকার সাভারের আশুলিয়ায় গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বিভিন্ন কারখানায় স্বাভাবিক পরিস্থিতি অব্যাহত রয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা খোলা রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজ করছেন শ্রমিকরা।
পুলিশ ও কারখানা সূত্র জানায়, শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরলেও হাতেগোনা কয়েকটি কারখানায় সমস্যা রয়ে গেছে। এর ফলে বন্ধ রয়েছে এই অঞ্চলের অন্তত ১৬টি পোশাক কারখানা। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায়, ‘নো ওয়ার্ক, নো পে’র ভিত্তিতে ১৩টি এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে শ্রমিকদের বেতন দিতে পারছে না কিংবা কারখানায় কাজ নেই, এমন কারখানাও রয়েছে। এ ছাড়াও যেখানে ছোটখাটো সমস্যা আমরা পাচ্ছি, কিংবা শ্রমিকরা কিছু দাবি-দাওয়া তুলে ধরছেন, আমরা সেখানে গিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করছি। আমরা সেগুলোর মালিক ও বিজিএমইএ’র প্রতি অনুরোধ করেছি বন্ধ কারখানাগুলো খুলে দিতে। কারণ শ্রমিকরা কাজ করতে আগ্রহী।’
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন এবং শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।