চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আরিফের মেয়ে তানজিলা আক্তার বলেন, ‘বাবার পেটে অনেক গুলি। এখন কীভাবে চিকিৎসা করাবো। বাবা বালু কেটে নেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন।’
এলাকাবাসী জানান, মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আঁধারে বালি কাটার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিতে গিয়ে হামলার শিকার হন। তাদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রফিক হাসান ফয়সাল বলেন, ‘আরিফ উল্লার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি রয়েছে। খাদ্যনালি ছিদ্র হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, সম্প্রতি রাতের আঁধারে মেঘনা নদীতে বালি উত্তোলনের চেষ্টাকালে বেশকিছু ড্রেজার জব্দ এবং অর্ধশত শ্রমিককে আটক করে জেলহাজতে পাঠানো হয়।