পুকুর থেকে কুমির উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পুকুর থেকে আনুমানিক ১০০ কেজি ওজনের একটি কুমির উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের মেঘনা তীরের চর ঘাসিয়ায় এলাকার একটি বাড়ির পুকুর থেকে বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করেন।

এ সময় কুমিরের আক্রমণে বাবলু (২৫) নামে এক জেলে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেঘনায় নদীর রায়পুরের উত্তর চরবংশী ইউপির চান্দারখাল এলাকায় কুমিরের বিচরণ নিয়ে জেলেরা আতঙ্কিত রয়েছেন বলে জানান।

বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আবদুল্লাহ ফোনে জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে বন বিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করেন।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিয়ুর রহমান জানান, কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে। সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিল। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করেছেন।

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, উদ্ধার কুমিরটি জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে ঢাকায় পাঠানো হবো।