ঝরনার পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু

মুত্তাকিমকে বাঁচাতে গিয়ে ডুবে যান আদনানও

চট্টগ্রামের মীরসরাইয়ে ঝরনায় বেড়াতে গিয়ে মুশফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় তারা নিখোঁজ হন। দুপুরে মীরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।

মুশফিকুর রহমান আদনান ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডাটা সায়েন্স বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে। তাদের পরিবার বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জে থাকে। মাহবুব রহমান মুত্তাকিম নারায়ণগঞ্জ কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং লক্ষ্মীপুর জেলার মৃত মোহাম্মদ ছিদ্দিকুর রহমান মুরাদের ছেলে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘শুক্রবার সকালে রূপসী ঝরনায় দুজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর শুনে দ্রুত গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে।’

ঝরনায় ঘুরতে আসা মুশফিকুর রহমান আদনানের খালতো ভাই আফিফুর রহমান বলেন, ‘আমরা ১৪ জন একটি টুরিস্ট গাইডের মাধ্যমে রূপসী ঝরনায় ঘুরতে আসি। একপর্যায়ে ঝরনায় ছবি তোলার সময় মুত্তাকিম (২১) পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে আদনানও সেখানে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে ফোন দিই।’

আহাজারি করে আদনানের বাবা আতিকুর রহমান বলেন, ‘আমার একমাত্র ছেলে আদনান খুবই মেধাবী ছিল। সে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়েছিল। গত ১১ সেপ্টেম্বর সে ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ডাটা সায়েন্স বিভাগের অনার্স প্রথম বর্ষে স্কলারশিপ নিয়ে ভর্তি হয়। অনার্স শেষ করে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার পরিকল্পনা ছিল তার। ঝরনার আসার কথা শুনে আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। বলেছিল, বন্ধুরা সবাই একটি ট্যুরিস্ট গাইডের সঙ্গে যাচ্ছে; শুক্রবার বিকালে ঢাকা উদ্দেশে রওনা দেবে। শুক্রবার ভোর ৫টার দিকে সে আমাকে ফোন করে জানায় মীরসরাই গিয়ে পৌঁছেছে। সকাল ৯টায় তার মোবাইলে কল দিলে আমি বন্ধ পাই। পরে আদনানের সঙ্গে থাকা খালাতো ভাই আফিফুর রহমানকে কল দিলে সে বলে আদনান পানিতে পড়ে নিখোঁজ হয়ে গেছে।’

মীরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, রূপসী ঝরনা থেকে উদ্ধার দুজনের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।