দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (৪ অক্টোবর) রাতে আটকের বিষয়টি জানিয়েছে বিজিবি।
দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টায় বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম এলাকার ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকা থেকে দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন– দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫) এবং নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।
বিজিবি জানায়, আটক দুজন দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে কিশোরীগঞ্জ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিজিবি অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।