দাফতরিক কাজ শেষে ফেরার পথে পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলে কর্মরত এসআই কাজী আতিকুর রহমানের (৩৬)। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর  বিমানবন্দর থানা পুলিশ পিকআপটি আটক করলে চালক পালিয়ে যান।

পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত এসআই কাজী আতিকুর রহমান নিহত হয়েছেন। ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যান। তবে পিকআপটি আটক করা হয়েছে।

জানা যায়, দাফতরিক কাজে তিনি মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় যান। আসার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এ সময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।