খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরীফ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এই হাসপাতালে সাত জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাগেরহাট সদরের শরীফ শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
এর আগে গত ২ অক্টোবর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় নাহার (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
তিনি আরও জানান, চলতি বছরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০৫ জন রোগী ভর্তি হন। বর্তমানে ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নয় জনকে ভর্তি করা হয়, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। মারা গেছেন এক জন।