যশোর সদর ও মণিরামপুর উপজেলার ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের লাগাতার হুমকি-ধামকি আর মারধরের কারণে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন দলের জেলা কমিটি।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, নির্বাচনে এখন আর প্রতিদ্বন্দ্বী লাগছে না। যশোরে নির্বাচনের কোনও পরিবেশ নেই। বিএনপির প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের হুমকি-ধামকির কারণে ইতোমধ্যে যশোর সদরের তিনটি ইউনিয়নের বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, প্রার্থী ও তাদের বাবা-মা, সন্তানদের অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় এখনও অনেকেই নির্বাচনি লড়াই অব্যাহত রেখেছেন। কিন্তু তারা বাড়ির বাইরে বের হতে পারছেন না। নির্বাচনের আর মোটে কয়েকদিন বাকি থাকলেও তারা প্রচারণায় অংশ নিতে পারছেন না।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর সদর বিএনপির সভাপতি মো. নূর উন নবী, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু প্রমুখ।
/টিএন/