চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি শুরু করেছে বিশেষ টাস্কফোর্স। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দ্রব্যমূল্যের বাজার তদারকির জন্য গঠিত বিশেষ ট্রাস্কফোর্স প্রথম দিনে নগরীর রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালায়।
রবিবার রিয়াজুদ্দিন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করে পণ্যের দাম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে টাস্কফোর্স।
প্রতিবেদনে দেখা যায়, রিয়াজুদ্দিন বাজারে পাইকারিতে ডিম বিক্রি হচ্ছে ১৬৮ টাকায় এবং খুচরায় ১৭০ থেকে ১৭২ টাকা; ব্রয়লার মুরগি পাইকারিতে প্রতি কেজি ১৭৫ টাকা এবং খুচরায় ১৮৫ টাকা; আমদানি করা পেঁয়াজ পাইকারিতে ১১০ টাকা এবং খুচরায় ১১৫ টাকা; আমদানি করা রসুন পাইকারিতে ১৯০ টাকা এবং খুচরায় ২০০-২১০ টাকা; দেশি আলু পাইকারিতে ৬৮ টাকা এবং খুচরায় ৭০ টাকা; বোতলজাত ভোজ্যতেল পাইকারিতে ১৬৩ টাকা এবং খুচরায় ১৬৭ টাকা; খোলা ভোজ্য তেল পাইকারিতে ১৫৮ টাকা এবং খুচরায় ১৬৫ টাকা; বড় সাইজের ইলিশ পাইকারিতে এক হাজার ৪০০ টাকা এবং খুচরায় এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা; ছোট সাইজের ইলিশ পাইকারিতে এক হাজার ৩০০ টাকা এবং খুচরায় এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা; প্যাকেটজাত চিনি পাইকারিতে ১২৯ টাকা এবং খুচরায় ১৩২ টাকা; খোলা চিনি পাইকারিতে ১২৭ টাকা এবং খুচরায় ১৩০ টাকা; এলপি গ্যাস পাইকারিতে এক হাজার ৪৫০ টাকা এবং খুচরায় এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘আজ রিয়াজুদ্দিন বাজারে গঠিত বিশেষ টাস্কফোর্স তদারকি অভিযান পরিচালনা করেছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ও মো. মঈনুল হাসান। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘বাজার তদারকিকালে বিশেষ ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। একই সঙ্গে সরকারনির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানকে আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট এ ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়। গত ১০ অক্টোবর জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ট্রাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে– টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার/বৃহৎ আড়ত/গোডাউন/কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থান সরেজমিন পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে।