লক্ষ্মীপুরে কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

লক্ষ্মীপুরের এক কিশোরকে ইটভাটায় হাত-পা বেঁধে ৫দিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে কুমিল্লার এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। শাহজাহান নামের ওই কিশোর পালিয়ে রক্ষা পেলেও শরীরের বিভিন্ন অংশের পোড়া যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছটফট করছে।

শাহজাহান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

শাহজাহানের বাবা জানান, তার একার পক্ষে সংসার চালানো সম্ভব ছিল না, তাই  শাহজাহান কুমিল্লার লালমাই এলাকার এবিএম ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ নেয়। ৫ মাস কাজ করার পর সে গত ৫ মার্চ (শনিবার) ইট ভাটায় আর কাজ করবে না জানিয়ে মালিকের কাছে বেতন চায়। এতে ইটভাটার মালিক বেলাল হোসেন ক্ষিপ্ত  হয়ে তার দুই ভাই কামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনকে ইটভাটায় বেঁধে রেখে বেদম মারধর করে। এসময় তার হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন জায়গায় আগুনের ছ্যাকা দেওয়া হয়। গত ১০ মার্চ সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় শাহজাহান ইটভাটা থেকে পালিয়ে তার বাড়িতে আসে। পরে পরিবারের লোকজন তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহজাহানের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এ ঘটনায় কুমিল্লা জেলার ইটভাটার মালিক বেলাল হোসেন ও তার দুই ভাইয়ের সঙ্গে মোবাইলে কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কমলনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসক রেজাউল করিম জানান, শাহজাহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ছ্যাকার চিহ্ন রয়েছে। সুস্থ হতে সময় লাগবে।

কমলনগর থানার ওসি কবির আহম্মদ ‘নির্যাতনের’ কথা স্বীকার জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিনি শাহজানানের পরিবারকে  অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করার পরামর্শ দেন।

/জেবি/টিএন/