মঠ অধ্যক্ষ হত্যাকাণ্ড : রমজান আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারী (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার রমজান আলী (২০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জামা’আতুল মোজাহিদিন (জেএমবি) এর সক্রিয় সদস্য হিসেবে নিজের পরিচয় স্বীকার করেছেন।

সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মার্জিয়া খাতুনের খাস কামরায় তিনি এই জবানবন্দি দেন। গ্রেফতারকৃত ৩ জেএমবি সদস্যের মধ্যে সর্বশেষ রমজান আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দেবীগঞ্জ থানার ওসি সুকুমার মহন্ত জানান, দুই ঘণ্টার জবানবন্দিতে রমজান আলী এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১ মার্চ জেএমবি সদস্য আলমগীর হোসেন ও ৬ মার্চ সন্ধ্যায় হারিজ আলী একই আদালতে মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর ৩ জেএমবি সদস্য খলিলুর, বাবুল ও জাহাঙ্গীরকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ ৫ মার্চ একই মামলায় দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার মোমিন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে আদালত মোমিনকেও জেলহাজতে পাঠিয়েছেন।

/জেবি/টিএন/