ট্রাকশ্রমিক খোকন হত্যা মামলায় গ্রেফতার নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) সকালে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে হাজির করে পুলিশ। বিচারক ইকবাল হোসাইন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে একত্র হন বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা। ট্রাকশ্রমিক খোকন সে সময় নিজ বাড়ি থেকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন। সেখানে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্লাহ খান সোহেলসহ আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতের মিছিলে অতর্কিত হামলা চালান। এ সময় একরামসহ আওয়ামী লীগ নেতারা এলোপাতাড়ি গুলি ছুড়লে খোকন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।
এ ঘটনায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নিহতের বাবা মজিবুল।